মালিতে জান্তা সরকারকে রক্ষায় ৩৪৯ রুশ সেনার মৃত্যু
ads

দ্য গার্ডিয়ান
আফ্রিকার দেশ মালির সামরিক জান্তা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে গত তিন বছরে অন্তত ৩৪৯ জন রুশ যোদ্ধা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মালিতে এসব রুশ যোদ্ধার মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। মালিতে রাশিয়ার সামরিক উপস্থিতির মানবিক মূল্য সম্পর্কে এত বিস্তারিত তথ্য আগে প্রকাশ্যে আসেনি।
সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটে চলতি বছরের ২৫ এপ্রিল। ওই দিন আল-কায়েদাসংশ্লিষ্ট জেএনআইএম এবং তুয়ারেগ নেতৃত্বাধীন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে সমন্বিত হামলা চালায়। আত্মঘাতী গাড়িবোমা ও ড্রোন ব্যবহার করে তারা শহরের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে ফেলে। ওই দিন মালিতে ৪৩ জন রুশ যোদ্ধা নিহত হন। পরদিন কিদাল ছেড়ে পিছু হটে রুশ বাহিনী।
২০২৪ সালের ২৭ জুলাই তিঞ্জাওয়াতেন এলাকায় তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে নিহত হন আরও ৭০ রুশ যোদ্ধা। রসস্ট্যাটের নথি অনুযায়ী, আফ্রিকায় রুশ বাহিনীর জন্য এটিই ছিল এক দিনে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।
রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার ২০২১ সালের শেষ দিকে মালিতে প্রবেশ করে। ২০২৫ সালের জুনে তাদের কার্যক্রমের দায়িত্ব নেয় রাশিয়ার আফ্রিকা কর্পস।