
রয়টার্স
ইউরোপের উদ্দেশে সাগরপথে রওনা হয়ে নিখোঁজ হয়েছেন প্রায় ১৭৫ জন অভিবাসনপ্রত্যাশী। সেনেগালের রাজধানী ডাকার থেকে ছেড়ে যাওয়া একটি নৌকার সাথে প্রায় দুই সপ্তাহ আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে আরোহীদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত ৯ বা ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে কাঠের তৈরি নৌকাটি ইউরোপের পথে যাত্রা করেছিল। স্থানীয়ভাবে এমন নৌকাকে ‘পিরোগ’ বলা হয়। ইয়ফ এলাকার মেয়র সেদিনা ইসা লায়ের তথ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ১৭৫ জন আরোহী ছিলেন। অন্যদিকে অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থার হিসাব মতে নিখোঁজ যাত্রীর সংখ্যা ১৭২ জন। তাদের উদ্ধারে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানিয়েছে সংস্থাটি।
এদিকে সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, গত সোমবার পাঁচটি নৌকা থেকে ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা সমুদ্রযাত্রা শুরুর আগেই থামানো হয়েছে। জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্যমতে, এই মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের ঢল বেড়েছে; নভেম্বরের প্রথম ১২ দিনেই আট হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তবে ইউরোপে যাওয়ার এই সমুদ্রপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে এই রুট দিয়ে পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









