পোশাক শ্রমিক, মজুরি, নিম্নতম মজুরি বোর্ড, আর্থিক সুরক্ষা
পোশাক শ্রমিক। ইন্টারনেট
ads

তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ঘোষিত নতুন মজুরি কাঠামোকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করে তারা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন।

তাদের প্রত্যাশা, নতুন মজুরি কাঠামো কার্যকর হলে শ্রমিকদের আর্থিক সুরক্ষা বাড়বে, কর্মক্ষেত্রে অসন্তোষ কমবে এবং পোশাকশিল্পে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে।

শ্রমিক নেতারা মনে করেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের সক্ষমতার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ঘোষিত মজুরির সুফল শ্রমিকদের কাছে পৌঁছে দিতে মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর সহযোগিতা প্রয়োজন। একই সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের ওপরও তারা গুরুত্ব দিয়েছেন।

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা-পরবর্তী প্রতিক্রিয়ায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষ এবং মজুরি বোর্ডের অন্যান্য সদস্যদের ভোটাভুটির মাধ্যমে যে সিদ্ধান্ত এসেছে, তা আমাদের প্রত্যাশার পুরোপুরি প্রতিফলন না ঘটালেও বর্তমান বাস্তবতায় আমরা এটিকে স্বাগত জানাই।’

তিনি বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, ঘোষিত এই মজুরি কত দ্রুত এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়, তা নিশ্চিত করা।’

নাজমা আক্তার বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শুধু খাদ্যসহায়তা বা চাল দেয়ার মতো সাময়িক উদ্যোগ যথেষ্ট নয়। বরং তাদের মৌলিক চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এ জন্য শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য আবাসন, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেয়া জরুরি।

মজুরি বৃদ্ধির সুফল নিশ্চিত করতে বাজার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি ও খাবারের দাম লাগামহীন থাকলে মজুরি বৃদ্ধির প্রকৃত সুফল শ্রমিকরা পাবেন না। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে বাড়ি ভাড়া যাতে না বাড়ে, সে বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

নতুন মজুরি ঘোষণার পর চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন প্রসঙ্গে নাজমা আক্তার জানান, বিভিন্ন স্থানে এখনো শ্রমিকদের বিক্ষোভ চলছে। তবে নতুন মজুরি ঘোষণার ফলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশাবাদী যে আন্দোলন থেমে যাবে। আমরা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানাব এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।’

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম এত দ্রুত সময়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের দাবি পূরণে সরকার নতুন মজুরি ঘোষণা করেছে। এটি একটি ইতিবাচক উদ্যোগ।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের নতুন মজুরি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমিকরা আন্দোলন থেকে ফিরে আসবেন এবং নতুন উদ্যমে কর্মস্থলে কাজে যোগ দেবেন।

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়। এতে তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

নতুন কাঠামোয় সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

এ ছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এ গ্রেডে মোট মজুরি দাঁড়িয়েছে ২০ হাজার টাকা, যা আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।

অন্যদিকে, জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টায় চতুর্থ দিনের সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান জানান, নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

তিনি বলেন, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দু’জন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।

সূত্র : বাসস