বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সংগৃহীত
ads

‘অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা’র অভিযোগ সংক্রান্ত একটি তদন্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব করতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদার দেশের বিবিধ পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্কারোপের আশঙ্কা তৈরি হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, নতুন করে প্রস্তাবিত এই শুল্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যেই আরোপিত শুল্কের সাথে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

আরো পড়ুন: আরো কমলো স্বর্ণের দাম

বিষয়টির সাথে সংশ্লিষ্ট তিনটি সূত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এই তদন্তের ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং মঙ্গলবার বিকেলেই তা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যাপকভিত্তিক আমদানি শুল্ক বাতিল করে দিয়েছিলেন। প্রস্তাবিত এই নতুন শুল্কগুলো আংশিকভাবে সেই বাতিল হওয়া শুল্কের জায়গা নেবে এবং বর্তমানে বহাল থাকা অন্যান্য শুল্কের সাথে যুক্ত হবে।

আরো পড়ুন : ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা : যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন সরকারের এসব শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পরিচালিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেছিলেন।

‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ সংক্রান্ত এই তদন্তের আওতায় থাকা অন্য অর্থনীতিগুলো হলো—চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। এর আগে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম– দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।

উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনের অভিযোগে ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারকে লক্ষ্য করে ইউএসটিআর গত মার্চ মাসে ‘ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪’-এর সেকশন ৩০১-এর অধীনে এই তদন্ত শুরু করে। উল্লেখ্য, জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন প্রয়োগের বিষয়ে পরিচালিত সেকশন ৩০১-এর আরেকটি তদন্ত থেকে এটি সম্পূর্ণ আলাদা। এই দুটি তদন্তের ফলাফলের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।

বাংলাদেশী পণ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যমান শুল্ক পরিস্থিতি
জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানির নিষেধাজ্ঞা বাস্তবায়নে কথিত দুর্বলতার অভিযোগে সেকশন ৩০১-এর অধীনে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে।

ইউএসটিআর গত ২৩ জুলাই এই চূড়ান্ত পদক্ষেপের ঘোষণা দেয় এবং ২৪ জুলাই থেকে তা কার্যকর হয়। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের পর্যায়ের পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) বাতিল করার পর ‘ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪’-এর একটি পৃথক ধারার অধীনে যে ১০ শতাংশ অস্থায়ী বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়েছিল, জুলাইয়ের এই পদক্ষেপটি তার স্থলাভিষিক্ত হয়।

নির্দিষ্ট কিছু পণ্যের ছাড় সাপেক্ষে বাংলাদেশী পণ্যের ওপর এই ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। ‘মোস্ট-ফেভার্ড-নেশন’ (এমএফএন) বা সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের আওতায়, বিদ্যমান ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্কের সাথে এই অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক যুক্ত হওয়ায়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী তৈরি পোশাকের বড় একটি অংশের ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ শতাংশে।