স্পেনে ফিরছেন কাতালান নেতা
ads

এএফপি
স্পেনের সুপ্রিম কোর্ট একটি বিতর্কিত ক্ষমা আইন প্রয়োগ করে নির্বাসন থেকে ফেরার পথ প্রশস্ত করার পর কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজেদেমন দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বুধবার কাতালান এই বিচ্ছিন্নতাবাদী নেতা ঘোষণা দিয়ে বলেছেন, আগামী ১২ ডিসেম্বর বার্সেলোনায় ফিরবেন তিনি।
২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার ব্যর্থ প্রচেষ্টার পর পুজেদেমন বেলজিয়ামে পালিয়ে যান। এরপর থেকে সেখানেই বসবাস করছেন কাতালান এই বিচ্ছিন্নতাবাদী নেতা। এমন এক সময়ে তিনি দেশে ফেরার ঘোষণা দিলেন, যখন দেশটিতে নির্বাচনী আমেজ চলছে। আগামী রোববার (২৯ নভেম্বর) স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ার কথা রয়েছে।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে পুজেদেমন বলেন, ‘আমি কাতালোনিয়া সরকারের প্রেসিডেন্ট হিসেবে চলে এসেছিলাম এবং আমি এমন এক জায়গায় ফিরে যাব; যেখানে কাতালান গণতন্ত্র তার প্রেসিডেন্টদের নির্বাচিত কিংবা বরখাস্ত করে : কাতালোনিয়ার পার্লামেন্ট।’ আমি ১২ ডিসেম্বর শনিবার দুপুর নাগাদ তা করব এবং সে রাতেই আমি আমার পরিবারের সাথে বাড়িতে ঘুমাতে পারব।