
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করে।
আরো পড়ুন : ‘আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে’
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানে টোল আদায়ের পদ্ধতি, যানবাহন গণনা কার্যক্রম ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিক পরিদর্শনে যানবাহনের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং টোল আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে।
অভিযানকালে অভিযোগের বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
এদিকে, দিনাজপুরের পার্বতীপুরে পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের জেলা কার্যালয়।
অভিযোগ রয়েছে, প্রকল্পের শর্ত লঙ্ঘন করে বাইরে থেকে মাটি সংগ্রহের পরিবর্তে খালের পাশের ফসলি জমি কেটে বাঁধ নির্মাণ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।
অভিযানকালে দুদক টিম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে টি১এস৮ডি সেচ খালের নির্মাণকাজ পরিদর্শন করে। এ সময় নির্মাণাধীন বাঁধের পাশের ফসলি জমি থেকে মাটি কাটার চিহ্ন পাওয়া যায়, যা প্রকল্পের নির্ধারিত শর্তের লঙ্ঘন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।
অপরদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় হয়রানি, চিকিৎসকদের দেরিতে উপস্থিতি, অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি ও অন্যান্য অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।
অভিযানে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ইউনিটের চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন। এ সময় বিপুলসংখ্যক রোগীর উপস্থিতির তুলনায় চিকিৎসকদের উপস্থিতি কম পাওয়া যায়। চিকিৎসকদের নির্ধারিত সময়ের পরে হাসপাতালে আসার বিষয়টিও প্রতীয়মান হয়।
পরে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারের উপস্থিতিতে বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে ডেন্টাল বিভাগের একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে রোগীকে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে প্রলুব্ধ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
এ ছাড়া বহির্বিভাগে অতিরিক্ত অর্থ আদায়, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহে অনিয়ম পাওয়া যায়। এ সময় হাসপাতালের মালামাল ও ওষুধ ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে দুদক টিম।
একই দিনে বাগেরহাটের রামপাল উপজেলার গাবতলা ও সগুনা গ্রামের মধ্যবর্তী খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্মাণাধীন সেতুতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদকের জেলা কার্যালয়।
অভিযানে সেতুর মূল কাঠামো, ফুট স্লাব ও উইংয়ের ঢালাই সম্পন্ন অবস্থায় পাওয়া যায়। তবে সংযোগ সড়কের মাটি খননের কাজ চলমান ছিল।
পরে সড়ক ও জনপথ বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সেতুর বিভিন্ন অংশের পরিমাপ নেয়া হয়। নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ে সেতুর বিভিন্ন অংশ থেকে কোর নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করা হবে।
দুদক জানায়, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র এবং সেতুর নির্মাণসামগ্রীর নমুনা পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে কমিশনে পৃথক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









