
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান, পাশে থাকা একটি ট্রাকের উপর উল্টে পড়ার ঘটনায় মো: ইসমাইল (৪০) নামে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান হোসেন (২০) নামে ট্রাকের হেলপার আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা রোববার রাত ৯টার দিকে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান, রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে তিনি সড়কে একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারেন, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির উপর উল্টে পড়ে। এতে ট্রাক চালক নিহত হন এবং হেলপার আহত হন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানজট দেখা দেয়। এ সময় ওই সড়কে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সড়কে তীব্র যানজট থাকায় আপাতত এর চেয়ে বেশি তথ্য দেয়া সম্ভব হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









