ধলপুর সিটি পল্লী, যাত্রাবাড়ী থানা পুলিশ, ডিএমপি অভিযান, মাদকবিরোধী অভিযান, মাদক কারবারি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মাদক মামলা, পুলিশের নজরদারি
ধলপুর সিটি পল্লীতে মাদকের আস্তানা উচ্ছেদে পুলিশের অভিযান। সংগৃহীত

রাজধানীর ধলপুর সিটি পল্লী এলাকায় দীর্ঘদিনের মাদক কারবার আস্তানা উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা পুলিশ।

Advertisement

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১ নভেম্বর) ও সোমবার (২ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ধলপুর সিটি পল্লী ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ও গোপনে মাদক কারবার চালিয়ে আসছিল। এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী ও কিশোর-তরুণরা মাদকাসক্তির ঝুঁকিতে ছিল।

এর আগে ওই এলাকা থেকে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে আবার মাদক কারবারে জড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে মাদকের স্থায়ী ঘাঁটি ও ব্যবসার অনুকূল পরিবেশ ধ্বংস করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

গত ১ নভেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ অভিযানে পুলিশ ও সিটি করপোরেশন যৌথভাবে মাদক কারবারিদের অবৈধ স্থাপনা ও আস্তানা উচ্ছেদ করে। অভিযান শেষে এলাকায় নিয়মিত পুলিশি টহল, সাদা পোশাকে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩৫টি মাদক মামলা ও তিনটি পুলিশ আক্রমণের মামলা করা হয়েছে। এছাড়া ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

ডিএমপি জানায়, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।