
পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে রাজধানীমুখী যাত্রীবাহী বাসে মাদক পাচারের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতাররা হলেন- চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে করে মাদকের একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানের প্রস্তুতি নেয়া হয়।
পরে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে শান্তি পরিবহনের বাসটিতে অভিযানিক দল তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অভিযানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো: হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক মো: রাজিউর রহমান।
এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন মামলার বাদি হয়েছেন।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








