
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কনা আক্তার শান্তা (২২) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়েছে। তিনি চিকিৎসক সেজে রোগী ও রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরের দিকে ঢাকা মেডিক্যালে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করেন আনসার সদস্যরা। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়।
ভুয়া চিকিৎসক শান্তা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বল তুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।
ঢাকা মেডিক্যালে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার মো: শাহাদাত হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে আমাদের সদস্যরা টহল দেয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় এক নারীকে অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করতে দেখেন। তার চলাফেরায় সন্দেহ হলে আনসার সদস্যরা কর্মরত চিকিৎসকদের ডেকে এনে তাকে দেখান। পরে ঢাকা মেডিক্যালের কোনো চিকিৎসক তাকে না চিনতে পারলে তাকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘পরে জিজ্ঞাসাবাদ করে পরিচালক ও উপপরিচালকের পরামর্শে ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: হাবিবুর রহমানের কাছে সোপর্দ করা হয়।’
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর বলেন, ‘আমরা জানতে পেরেছি ভোরের দিকে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা। পরে আমাদের পুলিশ ক্যাম্পের নিয়ে আসলে আমরা তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









