
রাজধানীর পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটের দিকে আদালতের সামনে এ বিস্ফোরণ ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে গিয়ে কী উদ্দেশ্যে এবং কার নির্দেশে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা জানাতে পারবেন। ঘটনার প্রকৃত কারণ এবং আটক ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বিস্তারিত তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১৭ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে পুরো আদালত প্রাঙ্গণে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরই ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা। আটক ব্যক্তিকে বিক্ষুব্ধ আইনজীবীরা মারধরের চেষ্টা করলে পুলিশ দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে নিরাপত্তার স্বার্থে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।
সূত্রে আরো জানা গেছে, বিস্ফোরণে আদালত প্রাঙ্গণে দায়িত্বরত এক আইনজীবী আহত হয়েছেন। পরে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় আদালতের প্রধান ফটকের সামনে একই ধরনের বিস্ফোরণ ঘটেছিল। ওই সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









