স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, শেহবাজ শরীফ, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, ইসলামাবাদ সফর, সরদার আয়াজ সাদিক, আসিফ আলী জারদারি, সংসদীয় প্রতিনিধিদল, পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল
স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন। সংগৃহীত
ads

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এ নৈশভোজে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।

নৈশভোজে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। সংসদীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধিদল বিনিময় এবং উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে গত ২৩ নভেম্বর ইসলামাবাদে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সাথে রয়েছেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান।

দুই স্পিকারের বৈঠক
সফরের দ্বিতীয় দিন ২৪ নভেম্বর ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সাথে বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আইনসভাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধিদল বিনিময়, সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা ভাগাভাগি এবং সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়। সংসদীয় কূটনীতির মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা জোরদারের প্রত্যাশাও তুলে ধরেন দুই স্পিকার।

পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে বৈঠক
গতকাল বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাথে বৈঠক করেন বাংলাদেশের স্পিকার ও সংসদীয় প্রতিনিধিদল। প্রেসিডেন্ট হাউজে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, কৃষি, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল গভর্ন্যান্স, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন প্রেসিডেন্ট জারদারি। বাংলাদেশের সাথে পাকিস্তানের চাল রফতানির চলমান সরকারি-টু-সরকারি (জিটুজি) ব্যবস্থাকে খাদ্যনিরাপত্তা সহযোগিতার ক্ষেত্র হিসেবে আরো কার্যকর করার সম্ভাবনাও তুলে ধরা হয়।

এছাড়া দুই দেশের মধ্যে আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। সংসদীয় কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ এবং সংসদ পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও আলোচনায় আসে।

সামরিক একাডেমিতে স্মৃতিময় প্রত্যাবর্তন
সফরের অন্যতম বিশেষ কর্মসূচি ছিল পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) কাকুল পরিদর্শন। গতকাল বুধবার একাডেমিতে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানান কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী।

হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী। তার সামরিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জড়িয়ে রয়েছে এ একাডেমির সাথে। পরিদর্শনকালে তিনি একাডেমিতে নিজের প্রশিক্ষণকাল ও পাকিস্তান সেনাবাহিনীতে কর্মজীবনের স্মৃতিচারণ করেন। সেখানে প্রশিক্ষণরত বাংলাদেশি ক্যাডেটদের সাথেও তার সাক্ষাৎ হয়।