
ওয়ানডেতে বাংলাদেশের ব্যর্থতা যেন কাটছেই না। একের পর এক সিরিজে হতাশা, ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব, মাঝের ওভারে রান তুলতে না পারা—সব মিলিয়ে দলের সঙ্কট এখন বেশ গভীর। সর্বশেষ পাঁচ ইনিংসে একবারও আড়াইশো রান করতে পারেনি বাংলাদেশ। বিদেশের মাটিতে সর্বশেষ ১২ ওয়ানডেতে জয় মাত্র দুটি।
এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে লিটন দাসের দল। টেস্ট সিরিজের ব্যর্থতার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের পাশাপাশি নিজেদের ব্যাটিংয়ের দুর্বলতা কাটানোর পরীক্ষাও দিতে হবে বাংলাদেশকে।
ব্যর্থতার এই চিত্র অবশ্য হঠাৎ তৈরি হয়নি। গত জুলাইয়ে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়কত্ব হারান মেহেদী হাসান মিরাজ। এরপর গত মাসে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছেও হারে বাংলাদেশ।
ধারাবাহিক এই ব্যর্থতার প্রভাব পড়েছে দল নির্বাচনেও। দক্ষিণ আফ্রিকা সফরের দলে এসেছে ছয়টি পরিবর্তন। তবে শুধু খেলোয়াড় পরিবর্তনেই সমস্যার সমাধান হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুর্বলতা এখন মিডল অর্ডার। গত দুই বছরে ওয়ানডেতে চার থেকে সাত নম্বরে ব্যাট করা ব্যাটসম্যানদের গড় মাত্র ৩১.৭১। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এ সময়ে বাংলাদেশের চেয়ে খারাপ গড় কেবল জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার।
এমনকি স্ট্রাইক রেটেও পিছিয়ে বাংলাদেশ। অথচ ওয়ানডেতে মাঝের ওভারগুলোতে ইনিংসের ভিত গড়া এবং শেষ দিকে বড় সংগ্রহের পথ তৈরি করার দায়িত্ব থাকে এই ব্যাটসম্যানদেরই।
এই জায়গায় স্থিতিশীলতা আনতে গত দুই বছরে চার থেকে সাত নম্বর পজিশনে খেলানো হয়েছে ১৭ জন ব্যাটসম্যানকে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে পাকিস্তানের পর এ সংখ্যাই সর্বোচ্চ। এতো পরিবর্তনের পরও ছয় নম্বর জায়গায় নির্ভরযোগ্য কাউকে খুঁজে পায়নি দল।
পাঁচ নম্বরে তাওহীদ হৃদয় মোটামুটি থিতু হলেও নিচের সারিতে ভরসার অভাব থেকেই গেছে। সেই সঙ্কট কাটাতে এবার সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসির আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরে সিরিজসেরা হওয়া মোসাদ্দেক হোসেন এক সিরিজ পরই বাদ পড়েছেন।
বাউন্সি উইকেটে তার ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকায় এবার ছয় নম্বরে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক হাবিবুল বাশারও জানিয়েছেন, ইয়াসিরকে ফেরানোর পেছনে এটাই মূল কারণ।
তবে ইয়াসিরের সামনেও নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ আছে। আগের ৯ ওয়ানডেতে তার ফিফটি মাত্র একটি। যদিও সেই ফিফটিই এসেছিল ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে। এবার দীর্ঘ বিরতির পর দলে ফিরে সেই স্মৃতি নতুন করে জাগিয়ে তোলার সুযোগ পাচ্ছেন তিনি।
মিডল অর্ডারের সঙ্কটের পাশাপাশি উদ্বোধনী জুটিও স্বস্তি দিচ্ছে না বাংলাদেশকে। সর্বশেষ ১০ ইনিংসে ওপেনিং জুটি পঞ্চাশ রান পার করেছে মাত্র একবার। এ সমস্যার সমাধান খুঁজতে এবার নতুন সমন্বয় নিয়ে ভাবছেন নির্বাচকরা।
মোহাম্মদ নাঈম ও পারভেজ হোসেন ইমনকে দলে নেয়া হয়েছে। তাদের সাথে থাকবেন তানজিদ হাসান। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ছয় নম্বরে নেমে ৯৬ বলে ৭০ রান করা পারভেজকে এবার ওপেনিংয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে।
প্রধান নির্বাচক বিষয়টিকে পরীক্ষামূলক সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। এই নতুন পরিকল্পনায় অধিনায়ক লিটন দাসের ফেরাও গুরুত্বপূর্ণ। চোটের কারণে সর্বশেষ দুটি সিরিজে খেলতে পারেননি তিনি।
ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে ব্যাটিং শুরু করার পর খুব বেশি বড় ইনিংস না পেলেও সর্বশেষ চার ইনিংসের দুটিতে ফিফটি করেছেন। তার অভিজ্ঞতা ও ব্যাটিং সামর্থ্য দলের জন্য বড় ভরসা হতে পারে।
তবে শুধু লিটন বা ইয়াসিরের ওপর নির্ভর করে ব্যাটিংয়ের সামগ্রিক দুর্বলতা কাটানো সম্ভব নয়। পুরো ব্যাটিং ইউনিটকেই দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব পালনের পথও সহজ নয়। দক্ষিণ আফ্রিকার গতি ও বাউন্স বরাবরই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা।
সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজেও স্বাগতিক পেসারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের। ওয়ানডে দলেও টেস্ট সিরিজের ১০ ক্রিকেটার থাকায় আগের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ আছে। তবে দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারলে একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকবে।
অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাফল্যের স্মৃতিও আছে। ২০২২ সালে স্বাগতিকদের বিপক্ষে তাদের মাটিতেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ সেটিই। এবারও সেই সাফল্য থেকে অনুপ্রেরণা নিতে চাইবে দল।
আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ওয়ানডে বিশ্বকাপ। ফলে এবারের সিরিজে ফলের পাশাপাশি নিজেদের প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের দুর্বলতা কাটানো, মিডল অর্ডারে স্থায়ী সমাধান খুঁজে পাওয়া এবং বিদেশের মাটিতে প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য দেখানো—বিশ্বকাপের আগে এই কাজগুলোই করতে হবে বাংলাদেশকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









