দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ, টেস্ট দল বাংলাদেশ
বাংলাদেশ টেস্ট দল। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে চমক রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। চার বছর পর সাদা পোশাকের দলে ফিরেছেন নাঈম শেখ।

Advertisement

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে চোট পাওয়া সাদমান ইসলাম জায়গা পাননি দক্ষিণ আফ্রিকা সফরের দলে। ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও পেসার খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক কন্ডিশন বিবেচনায় পাঁচ পেসার রেখেছেন নির্বাচকেরা। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে ভরসা মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

আরো পড়ুন—ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

চলতি জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাঈম ও রবিন। ১০ ইনিংসে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৬৭২ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক রবিন। এর মাঝে আছে একটি ডাবল সেঞ্চুরিও। ৭ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৬১২ রান করে তালিকার দ্বিতীয় স্থানে নাঈম। তারও আছে একটি ডাবল সেঞ্চুরি।

নাঈমের অবশ্য টেস্ট অভিষেক হয়েছিল চার বছর আগে, নিউজিল্যান্ডের মাটিতে। অভিষেক টেস্টে ২৪ রান করার পর আর জাতীয় দলের সাদা পোশাকে সুযোগ পাননি তিনি। এবার দীর্ঘ অপেক্ষার অবসান হলো। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে নিলেন রবিন।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।