চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় এ হামলা ও আগুনের ঘটনা ঘটে। নয়া দিগন্ত
ads

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। ব্যাংকের নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুত আগুন নেভানোর ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৩টা ২৫ মিনিটের দিকে চিরিরবন্দর উপজেলায় গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় এ হামলা ও আগুনের ঘটনা ঘটে। 

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আলো ফোটার আগেই দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে ব্যাংকের সামনে আসে। এ সময় একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি পেট্রোলবোমায় আগুন ধরিয়ে ব্যাংকের ভেতরে ও বারান্দায় ছুড়ে মারে। এতে ব্যাংকের সামনের দেয়াল ও বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. আব্দুল হাকিম বলেন, ‘ভোর সাড়ে ৩টার দিকে দুইজন মোটরসাইকেল আরোহী পশ্চিম দিক থেকে এসে গ্রামীণ টাওয়ারের কাছে গাড়ি ঘুরিয়ে ব্যাংকের সামনে দাঁড়ায়। তাদের একজন নেমেই পরপর তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দ্রুত আবার পশ্চিম দিকে পালিয়ে যায়। মাথায় হেলমেট থাকায় কাউকে চেনা যায়নি।’

গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই নিরাপত্তাকর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে বারান্দার ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেলেও ব্যাংকের ভেতরের গুরুত্বপূর্ণ নথিপত্র বা সম্পদের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর, গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মো: জিল্লুর রহমান ও চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোলবোমার আলামত জব্দ করেছে। অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’