
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দিন শেষে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ম্যাচের পরিস্থিতি কাজে লাগাতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান।
১৮৪ রানে ৭ উইকেট দখল করে স্বাগতিকদের চাপে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে বাংলাদেশ ৩৮৬ রান সংগ্রহ করে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায়।
আরো পড়ুন—সাংবাদিককে অসম্মান : অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
এমন কঠিন পরিস্থিতি থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়ায় হতাশা প্রকাশ করেছেন ওয়ারিকান। একইসাথে স্বীকার করেছেন, হৃদয়কে ইনিংসকে বড় করতে দেয়াটা তাদের ভুল ছিল।
দিনের খেলা শেষে ওয়ারিকান বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা হতাশ। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল এবং সবকিছু আমাদের পক্ষে যাচ্ছিল। কিন্তু হৃদয় দারুণ ব্যাটিং করেছে।’
তিনি বলেন, কোন কোন জায়গায় আমরা আরো ভালো করতে পারতাম, তা নিয়ে আমাদের ভাবতে হবে। দল হিসেবে আমাদের মনোবল ধরে রাখতে হবে, কারণ এখনো কাজ বাকি আছে। আগামীকাল আমাদের ভালোভাবে ফিরে আসতে হবে।
ওয়ারিকান বলেন, উন্নতির জায়গাগুলো নিয়ে আলোচনার আগে দল তাদের পারফরম্যান্স পর্যালোচনা করবে।
মাঠে কথার লড়াইয়ের মাধ্যমে হৃদয়কে অস্বস্তিতে ফেলার ওয়েস্ট ইন্ডিজের চেষ্টা উল্টো ফল দিয়েছে- এমন ধারণাও নাকচ করে দেন তিনি। বরং বাংলাদেশের এই ব্যাটারের কৃতিত্ব স্বীকার করার ওপর জোর দেন।
ওয়ারিকান বলেন, আমার মনে হয় না এতে উল্টো ফল হয়েছে। আমার মনে হয়, সে অসাধারণ ব্যাটিং করেছে এবং তাকে কৃতিত্ব দিতেই হবে। সে দারুণ একটি ইনিংস খেলেছে এবং বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে গেছে।
নিচের সারির ব্যাটারদের সাথে ব্যাটিং করার সময় হৃদয়ের অসাধারণ পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বিস্মিত করেছে বলেও স্বীকার করেন ওয়ারিকান। কারণ, তারা প্রথম ইনিংসে আরো বড় লিড পাওয়ার প্রত্যাশা করেছিলেন, ‘এতে সবাই অবাক হয়েছে। আমরা ভাবছিলাম কত রানের লিড নিতে পারব কিংবা লিডটা কত বড় হতে পারে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তাতে সব হিসেব পাল্টে যায়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








