
গণমাধ্যমকর্মীকে অসম্মানের অভিযোগে প্রথম ধাক্কা খেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে তাকে বাদ দেয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, সম্প্রতি ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সাথে ঘটে যাওয়া ঘটনাটির ১৭ দিন আগে পরীমনির সাথে তাদের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যমকর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে।
আরো পড়ুন—ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস
এর আগে, গত শুক্রবার রাতে পরীমনি তার ফেসবুক আইডিতে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পরে পরীমনির ওয়াল থেকে পোস্টারটি নিয়ে এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’
মুহূর্তেই বিষয়টি চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ফলে আয়োজকরা পরীমনিকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
এরপর প্রতিবাদের মুখে আয়োজকরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে নায়িকা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে এই ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








