
অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
তামিম জানান, মুশফিক কয়েক দিন আগেই তাকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা না দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানোর জন্য তিনি মুশফিককে উৎসাহিত করেছিলেন, যাতে দেশের ক্রিকেটাঙ্গন তার অবদানকে যথাযথভাবে স্বীকৃতি জানাতে পারে।
আজ বোর্ড সভা শেষে সাংবাদিকদের তামিম বলেন, ‘মুশফিতের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি। নিশ্চিত করে বলতে পারি, মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটিই হবে তার শেষ টেস্ট।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অপরিসীম। আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি এবং তার পাশে থাকার আশ্বাস দিতে পারি। অনেক ক্রিকেটার, অনেক মানুষ এবং তরুণ প্রজন্মের জন্য তিনি একজন আদর্শ।
২০০৫ সালের ২৬ মে মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফরে ঐতিহাসিক এই ভেন্যুতে টেস্ট খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের একজন ছিলেন তিনি।
শুরুতে ব্যাটার হিসেবে পরিচিতি পেলেও ধীরে ধীরে দেশের অন্যতম নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটারে পরিণত হন মুশফিক।
ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত দলে জায়গা পেতে চ্যালেঞ্জের মুখে পড়লেও একসময় বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে ওঠেন তিনি।
২০১০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন মুশফিক। পরের বছর তাকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়।
তার নেতৃত্বে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচেই অপরাজিত ২০০ রান করে দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতক হাঁকান মুশফিক।
২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করে নিজের সেই রেকর্ড ভাঙেন তিনি। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিনটি দ্বিশতক করার কৃতিত্ব অর্জন করেন।
২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিক। নিজের শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটারদের বিশেষ তালিকাতেও জায়গা করে নেন তিনি।
চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর।
এ পর্যন্ত ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে ৭ হাজার ৬২ রান করেছেন তিনি। রয়েছে ১৪টি সেঞ্চুরি, ৩০টি হাফসেঞ্চুরি ও তিনটি দ্বিশতক।
এ ছাড়া বাংলাদেশের হয়ে ২৭৪টি ওয়ানডে খেলে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। খেলেছেন ১০২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।
২০২২ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেন মুশফিকুর। ২০২৫ সালে খেলেন নিজের শেষ ওয়ানডে। এবার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘতম সংস্করণকেও বিদায় জানাবেন তিনি। এর মধ্য দিয়ে তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









