টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: জাহিদ রায়হান
টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: জাহিদ রায়হান। নয়া দিগন্ত
ads

টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (২৮ নভেম্বর) সারাদিন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: জাহিদ রায়হান। এ সময় তিনি বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা খুঁজে পান।

পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: মো: হানিফকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে স্বাস্থ্য অধিদফতরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। তবে অধিদফতরে প্রতিবেদন পাঠানোর আগে তা সাংবাদিকদের সামনে উপস্থাপনের নির্দেশনা দেন অধ্যাপক ডা: জাহিদ রায়হান।

প্রমাণ পাওয়া বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগুলো হচ্ছে— ১২ কোটি টাকা মূল্যের হার্টের ক্যাথল্যাব থাকা সত্ত্বেও পরীক্ষার জন্য রোগীদের অন্যত্র রেফার্ড করা, এমআরআই, সিটিস্ক্যানসহ গুরত্বপূর্ণ পরীক্ষার মেশিন থাকা সত্ত্বেও সেখানে পরীক্ষা না করা এবং প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার ফি ২০ টাকার পরিবর্তে ৯০০ টাকা আদায়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এখন থেকে হাসপাতালে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শনকালে অধ্যাপক ডা: জাহিদ রায়হান দু’টি সুনির্দিষ্ট অভিযোগপত্রে দেখতে পান, এক রোগীর কাছ থেকে রক্তের পরীক্ষার জন্য ৯০০ টাকা ও আরেক রোগীর কাছ থেকে ৩৫০ টাকা নেয়া হয়েছে। অথচ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে মাত্র ২০ টাকা করে মোট ৪০ টাকা।

অধ্যাপক ডা: জাহিদ রায়হান বলেন, ‘মেডিসিন ও বিভিন্ন সরঞ্জামের স্টোর রুমসহ বিভিন্ন বিভাগেই বছরের পর বছর অনিয়ম-দুর্নীতি হয়েই যাচ্ছে। প্রত্যেকটা অনিয়ম-দুর্নীতি আমরা লিপিবদ্ধ করেছি। স্টোর রুমে ডেন্টাল, প্যাথলজি বিভাগসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মেশিন ও যন্ত্রাংশ পড়ে থাকলেও তার সুনির্দিষ্ট কোনো কাগজ দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও অনেক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র এখন পর্যন্ত আনবক্সিং করা হয়নি। সরকারি নিয়মবহির্ভূতভাবে একটি ওয়েবসাইট করা হয়েছে, যা সরকারি নিয়ম অনুযায়ী অপরাধ।’

স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা আরো বলেন, হাসপাতালের হিসাবরক্ষক ৫ আগস্ট-পরিবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হয়েছেন। এরপর তিনি প্রায় ১০ মাস ছুটিতে ছিলেন। অথচ ছুটির সময়ও তিনি বিভিন্ন বিল তুলে নেন। এসব অনিয়মে হাসপাতালের পরিচালক সহযোগিতা করেন বলে অধ্যাপক ডা: জাহিদ রায়হান উল্লেখ করেন।