
তাওহীদ হৃদয় যেন থামতেই জানেন না! শেষ পর্যন্ত তাকে থামানোও গেল না। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একের পর এক রেকর্ড গড়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস লিখছেন হৃদয়। এর আগে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল মুশফিকের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে অপরাজিত ২১৯ রান করেছিলেন তিনি।
এবার সেই রেকর্ড নিজের করে নিলেন হৃদয়। ছিলেন আড়াই শ' রানের দ্বারপ্রান্তে। তবে সেই লক্ষ্যে আর যেতে পারেননি সতীর্থরা সবাই আউট হয়ে যাওয়ায়। হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৩৫৯ বলে ২৪২ করে।
আরো পড়ুন—সৌদিতে সড়ক দুর্টনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত, জানা গেল প্রাথমিক পরিচয়
এই ম্যাচে অবশ্য শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেছেন হৃদয়। সতীর্থরা একের পর এক সাজঘরে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে এগিয়ে গেছেন তিনি। মুশফিকুর রহিমের সাথে চতুর্থ উইকেটে গড়েছিলেন গুরুত্বপূর্ণ জুটি।
পরে তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেটে যোগ করেন ১১৭ রান। যেখানে তাইজুলের অবদান মাত্র ২২। এরপর তাসকিন আহমেদকে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন তিনি। এই জুটিতে মাত্র ১২২ বলে যোগ হয়েছে ৮৫ রান।
এরপর তাসকিন ২৯ বলে ১২ করে আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। তবে ততক্ষণে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ করা ৩৫৬ রান পেরিয়ে লিড নিয়েছে বাংলাদেশ। ১১১.৫ ওভার শেষে ৯ উইকেটে ৩৮৬ রান তুলেছে টাইগাররা।
ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ায় ওপেনার সাদমান ইসলাম ব্যাট করতে নামতে পারেননি। তবুও প্রথম ইনিংস শেষে টাইগাররা এগিয়ে আছে ৩০ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন জোমেল ওয়ারিক্যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








