
সিলেট টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাদমান ইসলাম। চোটের কারণে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়। তার চোট কতটা গুরুতর, তা জানতে এখন এমআরআই প্রতিবেদনের অপেক্ষায় বাংলাদেশ দল।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ঘটনাটি ঘটে। মেহেদী হাসান মিরাজের বলে আমির জাঙ্গুর খেলা শটটি সীমানার দিকে গড়িয়ে গেলে তা আটকাতে ছুটে যান সাদমান।
বল থামানোর চেষ্টা করার সময় ঘাসে পিছলে তার বাঁ পায়ের গোড়ালি মচকে যায়। সাথে সাথেই তীব্র ব্যথায় মাঠে পড়ে যান তিনি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেয়া হয়। তাকে এমআরআই স্ক্যান ও শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। তাকে এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই চোটের প্রকৃত অবস্থা জানা যাবে। তবে চলতি টেস্টে সাদমানের আর খেলার সম্ভাবনা কম বলে জানিয়েছে বাংলাদেশ দলের ব্যবস্থাপনা সংশ্লিষ্ট একটি সূত্র।
তার অনুপস্থিতি বাংলাদেশের ব্যাটিংয়ে বাড়তি চাপ তৈরি করতে পারে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী মাথা বা ঘাড়ের চোট ছাড়া অন্য কোনো কারণে মাঠের বাইরে থাকা খেলোয়াড়ের বদলি হিসেবে পূর্ণাঙ্গ ক্রিকেটার নামানোর সুযোগ নেই।
ফলে সাদমান আর ব্যাট করতে না পারলে বাকি ইনিংসগুলোতে কার্যত ১০ জন নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। সেই সাথে বাংলাদেশের ইনিংসে তানজিদ তামিমের সাথে কে ওপেন করবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এমতাবস্থায় স্পিনার নাঈম হাসানকে পাঠানো হয় তামিমের সাথে। তবে তিনি ভালো বিকল্প হতে পারেননি। মাত্র ৫ রান করেই আউট হন তিনি। ফিরেছেন তানজিদ তামিমও (১৬)।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের বিপরীতে ৩০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় ব্যাট করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








