
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বরিশালে চরমোনাইয়ের তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়াই চরমোনাই মাহফিলের উদ্দেশ্য।’
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা চরমোনাই মাদরাসার তিন বর্গকিলোমিটার এলাকায় দুইটি মাঠজুড়ে এ মাহফিলের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়াই উদ্দেশ্য
উদ্বোধনী অধিবেশনে চরমোনাই পীর বলেন, ‘চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি; বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই এ মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’
তিনি বলেন, ‘যারা চরমোনাই মাহফিলে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল অন্তর থেকে দূর করে আখেরাতের চিন্তা অন্তরে ধারণ করুন। দিল থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে।’
আমলি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা
মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ ও নামাজের নিয়ম-কানুন হাতে-কলমে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন হালকায় বিভক্ত করে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ১০০ শয্যার মাহফিল হাসপাতাল। অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পাশাপাশি জরুরি প্রয়োজনে বরিশালসহ অন্যান্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রয়েছে।
দুইটি মাঠে মাহফিলের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা টিম। হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প। এ ছাড়া মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাপনাও রাখা হয়েছে।
বয়ান, সম্মেলন ও আখেরি মোনাজাত
তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বগণ বয়ান পেশ করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে আমীরুল মুজাহিদীন মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পাঁচটি এবং নায়েবে আমিরুল মুজাহিদীন মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) দুটি বয়ান পেশ করবেন।
এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর (সোমবার) ভোরে আমিরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাইর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ঐতিহাসিক মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।
চরমোনাই দরবার ও মাহফিলের প্রেক্ষাপট
উল্লেখ্য, চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ ঈসায়ী সালে। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক রহ.। তার ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে এ দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ.। ২০০৬ সালে তার ইন্তেকালের পর থেকে আমিরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









