আটক জলদস্যুদের দুই সহযোগী, (ডানে) উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি
আটক জলদস্যুদের দুই সহযোগী, (ডানে) উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি। নয়া দিগন্ত
ads

সুন্দরবনের কয়রা এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ দু’জনকে আটক করেছে এসআরবি-৬। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেফতার দু’জন জলদস্যুদের সহযোগী হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার কয়রা থানাধীন ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন— কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: হাফিজুর রহমান (৩৭) ও জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, আটক হাফিজুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় জলদস্যু দলের দলপতি ইয়াদ আলীপাড়ের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। এ সময় ইয়াদ আলীপাড় পালিয়ে যায়।

অভিযানকারী দলের দাবি, আটক হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহযোগিতা করতেন। অপর আটক আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে দস্যুদের তথ্য দিতেন।

এসআরবি-৬ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক দু’জনকে কয়রা থানায় হস্তান্তর করা হবে।