
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আসন্ন জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় শীর্ষ চার পদ বা ‘সুপার ফোর’-এর নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি (শনিবার) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মেলনের দিনেই ভোটগ্রহণ এবং ফলাফল প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ ও ভোটার তালিকা
সম্মেলনের দিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত শীর্ষ চারটি পদ—সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট হবে।
গঠনতন্ত্র অনুযায়ী, এ নির্বাচনে দলের প্রেসিডিয়াম কমিটি, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি এবং সব জেলা ও মহানগর শাখার প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্যদিকে, বর্তমান কেন্দ্রীয় কমিটি ও প্রেসিডিয়াম কমিটির সদস্যরা শীর্ষ চার পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন।
তফসিল ঘোষণা ও নির্বাচন কমিশন
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আসাদগেটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তফসিল ঘোষণা করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার ভিপি মোহাম্মদ মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তিনজন নির্বাচন কমিশনার—জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, জাগপা ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর যুব জাগপার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি।
মনোনয়ন ও প্রচারণার সময়সূচি
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা ১১ ও ১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসাদগেটের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
পরদিন ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৫ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর। এরপর ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।
মনোনয়ন জমা ও ফি সংক্রান্ত শর্ত
নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ভোটার তালিকাভুক্ত একজন প্রস্তাবক ও একজন সমর্থকের পরিচয় ও স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিতে হবে।
পদের ভিত্তিতে মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে— সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ১ লাখ টাকা, সাধারণ সম্পাদক পদের জন্য ৫০ হাজার টাকা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য ৪০ হাজার টাকা। প্রার্থীদের জাগপার নির্ধারিত তফসিলি ব্যাংক অ্যাকাউন্টে এই ফি জমা দেয়ার রশিদ প্রমাণক হিসেবে মনোনয়নপত্রের সাথে যুক্ত করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









