
প্রথম ইনিংসে লিড পেয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং ধসে পড়েছে টাইগাররা। ৭৯ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। নাঈম হাসান ও জাকের আলীর প্রতিরোধে দিনটা কোনোরকমে শেষ করেছে বাংলাদেশ।
মিরপুরে রান করা যেন ক্রমশ কঠিন হচ্ছে। টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭২ রান করে বাংলাদেশ। যেখানে টাইগাররা শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫১ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথন ইনিংস শেষ হয় ২৪৫ রানে।
মাত্র ১১ রানেই নিজেদের ইনিংসের শেষ ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। যেখানে শেষ ৩ উইকেট হারিয়েছে কোনো রান যোগ না করেই! ফলশ্রুতিতে ২৭ রানের লিড পায় টাইগাররা।
তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই গালিতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই ফেরেন তানজিদ তামিম। এরপর সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
২৭ রানের জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তার বলে বোল্ড হয়ে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সাদমান। ৩০ বলে ১৩ রান করেন তিনি। একই ওভারে ফেরেন তাওহীদ হৃদয় (০)।
পরের ওভারে এসে শান্তকেও ফিরিয়ে দেন চেজ। ৩৭ বল খেলে ১০ রান করা বাংলাদেশ অধিনায়ক এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। এরপর নামে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে ১৩ ওভারে ৩৪ রানে ৪ উইকেট ছিল স্বাগতিকদের।
তবে বৃষ্টি শেষে মাঠে ফিরতেই ফের উইকেটের পতন হয়। দলকে বিপদে ফেলে আউট হয়ে ফেরেন লিটন দাস। ১০ বলে ৪ রান করে আউট হন তিনি। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন মুমিনুল হকের কনকাশন সাব বদলি হিসেবে মাঠে নামা জাকের আলি ও মেহেদী মিরাজ। তবে জুটি বড় হয়নি, মিরাজও পারেননি বিপর্যয় ঠেকাতে।
ওয়ারিক্যানের শিকার হয়ে ৯ রান করে ফেরেন মিরাজ। ৬০ রানেই ৬ উইকেট হারিয়ে তখন কেবল গুটিয়ে যাওয়ার অপেক্ষা। কিন্তু সেখান থেকে নাঈম হাসান ও জাকের আলী কিছুটা প্রতিরোধ গড়েন। দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
এই জুটির ২৬ রানে ভর করে ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। নাঈম ও জাকের দু’জনই অপরাজিত ১৮ রানে। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ১০৬ রান।
আগামীকাল (শনিবার) চতুর্থ দিনে এই লিডকে লড়াই করার মতো জায়গায় নিতে হলে বড় দায়িত্ব এখন নাঈম-জাকেরের কাঁধে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








