আইসিজের রায়ে রোহিঙ্গা নারীদের রোজা রাখার সিদ্ধান্ত
আইসিজের রায়ের পর আল্লাহর শুকরিয়া আদায়ে রোহিঙ্গা নারীরা রোজা রাখার সিদ্ধান্ত নেন। নয়া দিগন্ত
ads

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে গণহত্যার প্রমাণ পাওয়ার পাশাপাশি, রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় ঘোষণায় শুকরিয়া আদায় করছেন রোহিঙ্গারা। দীর্ঘ অপেক্ষার পর এ ঐতিহাসিক রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন তারা। রায়ের খবর জানার পর, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে রোহিঙ্গা নারীরা একদিন রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে দেয়া আইসিজের রায়ের খবর ছড়িয়ে পড়লে কক্সবাজারের শরণার্থী শিবিরের রোহিঙ্গা নারীরা রোজা রাখার ঘোষণা দেন।

রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুই সহোদর বোন সানজিদা ও মায়েশা বলেন, ‘মিয়ানমারের সেনা ও উগ্রপন্থিরা আরাকানের মুসলিম জনগোষ্ঠীকে ধ্বংস করতে চেয়েছে এবং রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। আজকের এ রায়ে শুকরিয়া আদায়স্বরূপ রোহিঙ্গা নারীরা একটি করে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

এ দুই সহোদর বোন জানান, ‘তাদের দুই বোনের সামনে বাবা-মাকে মিয়ানমারের সেনারা হত্যা করেছে, ভাইকে ধরে নিয়ে গেছে এবং ভাবির ওপর নির্যাতন চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। প্রাণ বাঁচাতে আত্মীয়দের সহায়তায় তারা বাংলাদেশে পালিয়ে আসেন। ’

১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ও রোহিঙ্গা নেতা উসমান বলেন, ‘ঐতিহাসিক এ রায়ে রোহিঙ্গারা জাতিগত স্বীকৃতি পেয়েছে। এখন মায়ানমারের নাগরিক হিসেবে আমরা মৌলিক অধিকার ফিরে পেতে চাই। এখন আমরা পূর্ণ নিরাপত্তায় নিজ জন্মভূমি মিয়ানমারে ফেরার অপেক্ষায় আছি।’

রোহিঙ্গারা এ রায়কে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে বংশবিস্তার রোধে সহিংসতা, বিয়ে ও সন্তান জন্মদানে বিধিনিষেধসহ নানা নিপীড়নের শিকার হওয়ার কথা বললেও আগে সেভাবে গুরুত্ব না পাওয়ার আক্ষেপ জানান তারা।

এর আগে, গত জানুয়ারিতে মামলাটির মূল শুনানি শেষ হয়। ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে। গাম্বিয়ার অভিযোগ ছিল, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে মিয়ানমার রোহিঙ্গাদের ধ্বংস করতে চেয়েছে।

রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘প্রমাণে দেখা গেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। আদালত দেখেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা চালিয়েছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলা করেছে। নির্দিষ্ট কয়েকটি ঘটনায় মিয়ানমার গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছে।’

শুনানিতে গাম্বিয়ার আইনজীবীরা দাবি করেন, আরাকানে রোহিঙ্গাদের ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। অন্যদিকে, মিয়ানমার বরাবরই দাবি করে আসছে, তাদের অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দ্বারা মায়ানমারের পুলিশ ফাঁড়িতে হামলার জবাব।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে বসবাস করছেন।