
তরুণ ক্রিকেটার কালাম সিদ্দিকী আলীনের দুর্দান্ত সেঞ্চুরিতে আজ বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩৭১ রান করেছে বিসিবি একাদশ।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচটি খেলছে ওয়েস্ট ইন্ডিজ।
তবে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা তরুণদের নিয়ে গড়া বিসিবি একাদশের ব্যাটারদের সামনে ক্যারিবীয় বোলাররা তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন স্বাগতিক দলের ব্যাটাররা।
ইনিংসের শুরুতেই আঘাত হানে ওয়েস্ট ইন্ডিজ। জেইডেন সিলেস ৪ রানে মাহফিজুল ইসলাম রবিনকে এবং জোমেল ওয়ারিকান ১৮ রানে ইফতেখার হোসেন ইফতিকে সাজঘরে পাঠান। এরপর ওপেনার জিসান আলম ও কালাম ইনিংস সামাল দেন। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬২ রান। ১১টি চার ও দুটি ছক্কায় ৮৬ রান করে সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে আউট হন জিসান।
কালাম শেষ পর্যন্ত ১৮৪ বলে ১৩৫ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ২০টি চার ও একটি ছক্কা।
কালামের বিদায়ের পর চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৫৯ রান করে ক্যারিবীয় বোলারদের চাপে রাখেন। অধিনায়ক জাকের আলী অনিক করেন ৩০ রান। দিনের খেলা শেষে ৩৫ রানে অপরাজিত ছিলেন শামীম পাটোয়ারী। তার সাথে শূন্য রানে অপরাজিত ছিলেন আবদুল হালিম।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জশুয়া বিশপ ও কাভেম হজ দুটি করে উইকেট নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








