বাংলাদেশ, আফগানিস্তান, টেস্ট, বোলার, মুশতাক আহমেদ
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত

আবুধাবির গরমে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বোলারদের ব্যবহারে কৌশল বদলেছে বাংলাদেশ। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠায় দীর্ঘ স্পেলে বোলিং করানো থেকে সরে এসে বোলারদের ছোট ছোট স্পেলে ব্যবহার করা হচ্ছে।

Advertisement

শারীরিক ধকল কমাতে ও বোলারদের সতেজ রাখতেই এমন পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মুশতাকের মতে, এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় বল করলে হাত ও আঙুল দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।

মুশতাক বলেন, ‘তীব্র গরমের মাঝে বল সামলাতে গিয়ে ও আঙুলের অতিরিক্ত চাপের কারণে বোলারদের হাত দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাই দীর্ঘ স্পেলের পরিবর্তে তাদের ছোট ছোট স্পেলে ব্যবহার করাটা অত্যন্ত জরুরি।’

শুধু স্পেলের দৈর্ঘ্য কমানো নয়, বোলারদের শারীরিকভাবে সতেজ রাখতেও বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ। পর্যাপ্ত পানি পান ও সঠিক পুষ্টির ওপর জোর দেয়ার কথা জানিয়েছেন মুশতাক। পাঁচ দিনের টেস্টে আবুধাবির গরমে বোলারদের ব্যবস্থাপনাই তাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

দ্বিতীয় দিন শেষে আফগানিস্তান ৪ উইকেটে ২১১ রান করেছে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৪৬ রানের চেয়ে এখনো ১৩৫ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ে আফগানিস্তানকে চাপে রাখাই এখন বাংলাদেশের লক্ষ্য।

ম্যাচের এই অবস্থায় বাংলাদেশের জন্য আশার জায়গা হতে পারে উইকেটের সম্ভাব্য পরিবর্তন। মুশতাক মনে করেন, প্রথম তিন দিনে উইকেট ধীর ও কম টার্নযুক্ত থাকলেও সময় গড়ানোর সাথে স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারেন।

তিনি বলেন, ‘ম্যাচের প্রথম তিন দিন উইকেট কিছুটা ধীরগতির ও কম টার্নযুক্ত থাকবে। তবে সময় যতো গড়ায়, আবহাওয়া ও উইকেটের চরিত্র বদলে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন।’

অর্থাৎ আপাতত বোলারদের সতেজ রেখে ম্যাচে টিকে থাকা, আর সময় গড়ানোর সাথে উইকেটের পরিবর্তন কাজে লাগানো—এই দুই পরিকল্পনাই সামনে রাখছে বাংলাদেশ। মুশতাকও বিশ্বাস করেন, দ্বিতীয় ইনিংসে ভালো সংগ্রহ পেলে সেটি বোলাররা কাজে লাগাতে পারবেন।

তার ভাষায়, ‘আশা করছি, আমরা ভালো একটি স্কোর ডিফেন্ড করে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারব।’

উল্লেখ্য, আজ রোববার দুপুর ১২টায় আবুধাবি টেস্টের তৃতীয় দিনে মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ।