
পারস্য উপসাগরে হেঙ্গাম দ্বীপের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি চালানো হলে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পিছু হটতে বাধ্য হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ দাবি করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, কিছু জাহাজ সামুদ্রিক নিয়ম লঙ্ঘন করছিল। এসব জাহাজগুলোকে নিরাপত্তা ও আকাশপথে সুরক্ষা দেয়ার সময় মার্কিন যুদ্ধবিমান দ্বীপটির দক্ষিণ-পূর্ব দিকে ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার মুখে বিমানটি দ্রুত দিক পরিবর্তন করে সরে যেতে বাধ্য হয়।
বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নিয়মাবলি এড়িয়ে চলার যেকোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য।’
একইসাথে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মার্কিন সামরিক বিমান যদি বারবার নিয়ম লঙ্ঘন করে, তবে ইরান তার কঠোর ও কার্যকর জবাব দেবে।
আইআরজিসির এই দাবির বিষয়ে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৮ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালীতে নৌচলাচল-সংক্রান্ত মতপার্থক্যের কারণে তা থমকে যায়। এরপর কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও জুলাই মাস থেকে মাঝেমধ্যেই উভয় পক্ষের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









