মোহাম্মদ সেলিম উদ্দিন, ১৮ ডিসেম্বর মিরপুর সমাবেশ, মিরপুর উত্তর থানা জামায়াত, জামায়াতের নাগরিক সমাবেশ, ঢাকা মহানগরী উত্তর জামায়াত, ডিএনসিসি মেয়রপ্রার্থী, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা, মনিরুল ইসলাম মৃধা
বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সংগৃহীত
ads

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসি মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানার নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর উত্তর থানা আমির মনিরুল ইসলাম মৃধা।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না।’

তিনি বলেন, ‘জুলাইয়ের শহীদরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতির আগামী দিনের সব সঙ্কট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।’

সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামী সব পরিস্থিতি মোকাবিলা করে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাস থাকবে না। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি মানবিক বাংলাদেশ এবং নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে।’

তিনি আরো বলেন, ‘নগরীতে নিরাপত্তার যে সঙ্কট দেখা দিয়েছে, তাতে নগরীর প্রতিটি মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে। জনগণের সহযোগিতায় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানার নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ সমাবেশকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’

প্রত্যেকটি ঘরে বারবার যেতে হবে, নাগরিকদের সাথে সুসম্পর্ক ও যোগাযোগ তৈরি করতে হবে এবং ঘরে ঘরে জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে হবে বলে নির্দেশনা দেন তিনি।

ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।