বাংলাদেশ, আফগানিস্তান, টেস্ট
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত

প্রথম সেশনে দাপট দেখানোর পর দ্বিতীয় সেশনের শুরুটাও ভালো হয়েছিল বাংলাদেশের। তবে সেশনের শেষ দিকে এসে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি, হঠাৎ হয়েছে ছন্দ পতন। মাত্র ৪ রান যোগ করতেই হারিয়েছে ৩ উইকেট। 

Advertisement

২ উইকেটে ২২১ রান থেকে মাত্র ৪ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। মুমিনুল হক, মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান।

মুমিনুলের বিদায় দিয়ে শুরু হয় বাংলাদেশের বিপর্যয়। ৪৭.৪ ওভারে ইয়ামিন আহমদজাইয়ের বলে কাভারে রহমত শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৯ রান করা মুমিনুল। এরপর মাঠে এসেই শূন্য রানে বোল্ড হন মুশফিকুর রহিম। 

বিপর্যয় সেখানেও শেষ হয়নি। কায়েস আহমেদের শিকার হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দারুণ ব্যাট করতে থাকা শান্ত আউট হন ৪২ বলে ২৯ রান করে। ফলে ২২৫ রানে ৫ উইকেট হারিয়েছে দল।

এর আগে প্রথম সেশন সাবধানে শুরু করেছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলামের ব্যাটে আসে শতরানের জুটি। দুজনই তুলে নেন ফিফটি। তবে দুজনের কেউ সেঞ্চুরিতে যেতে পারেননি।

৭১ বলে ৮৩ রান করে আউট হন তানজিদ তামিম। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ১ উইকেটে ১৩৪ রান আসে স্কোরবোর্ডে। বিরতি থেকে ফিরে আরো ৫০ রান যোগ করে আউট হন সাদমান।

১১১ বলে ৬৭ রান নিয়ে আউট হন সাদমান। তবে এর প্রভাব পড়তে দেননি নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনের জুটি জমে উঠে বেশ, থিতু হয়ে যান মাঠে। তবে এই স্বস্তিও দীর্ঘ হয়নি। দ্রুত সময়ে তাদের হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। 

৭ বলে ৩ রান নিয়ে চা বিরতিতে গেছেন লিটন দাস, সাথে আছেন মেহেদি মিরাজ (০)। তাদের উপরই এখন দলকে টেনে নেয়ার দায়িত্ব।