ভারত, বিরাট কোহলি, অবসর
বিরাট কোহলি। সংগৃহীত

২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এরপর পেরিয়ে গেছে ১৮ বছর। তবে এবার কোহলি জানিয়ে দিলেন থামতে যাচ্ছেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ।

আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ও টেস্ট অধ্যায় শেষ করেছেন তিনি, এখন খেলছেন শুধু ওয়ানডে। সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরকে ঘিরেই ফের আলোচনায় কোহলির ভবিষ্যৎ। সেই আলোচনায় রঙ মাখলেন কোহলি নিজেই।

নিজেই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আগামী ওয়ানডে বিশ্বকাপই হবে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ। সম্প্রতি জিওস্টারকে দেয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—নিজের সবটুকু উজাড় করে দেয়া।’

শেষটা স্মরণীয় করে রাখতে যে তিনি কতটা প্রস্তুত, সেটিও জানান নিজেই। শেষ মঞ্চে নিজের লক্ষ্য নিয়ে কোনো রাখঢাক না রেখে কোহলি কী চান—এমন প্রশ্নে সোজাসাপ্টা উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’

তবে শেষ বিশ্বকাপের মঞ্চে নামার আগে শারীরিক ও মানসিক চাপের বিষয়টিও মাথায় রাখছেন তিনি। ৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা বোঝাতে গিয়ে কোহলি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। এখানে টি-টোয়েন্টির মতো তীব্রতা নিয়ে প্রায় ১০টি ম্যাচ খেলতে হয়।’

তিনি বলেন, ‘অর্থাৎ এক দিনে যেন আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান ধকল নিতে হয়। এতো বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ একই মাত্রার তীব্রতা ধরে রাখা কঠিন। তার ওপর এবার খেলা হবে বিদেশের কন্ডিশনে, যা শরীর ও মনের ওপর বাড়তি চাপ তৈরি করবে।’

উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ অভিষেকেই অপরাজিত সেঞ্চুরি করেছিলেন কোহলি। সেবার ভারত বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১৫, ২০১৯ ও ২০২৩—আরো তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি। 

সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ১১ ম্যাচে ৭৬৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হন তিনি। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয় ভারত।