অস্ট্রেলিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের উল্লাস সংগৃহীত

ওপেনার ট্রাভিস হেডের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৮৪ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। প্রথম ওয়ানডে ৫৯ রানে জিতেছিল অসিরা। ফলে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

এর আগে ১৯৯৯, ২০০৪ ও ২০২২ সালেও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল অসিরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১১৪ বল খেলে ১৩০ রানের সূচনা করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড।

৩টি করে চার-ছক্কায় ৬৩ বলে ৫৩ রানে বিদায় নেন মার্শ। অন্যপ্রান্তে ৭৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন হেড। জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারের এটি দ্রুততম সেঞ্চুরি।

১৫টি চার ও ৩টি ছক্কায় ৮৪ বলে ১১৫ রান তুলে আউট হন হেড।

এরপর কুপার কনোলির ৭৮ রান এবং শেষ দিকে ওলিভার পিকের ১৮ বলে অনবদ্য ৪১ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৩ উইকেট নেন।

জবাবে ৪৮ দশমিক ৩ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে কোনো ব্যাটারই হাফ-সেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা।

এছাড়া ব্রান্ডন টেইলর ৩৯, ক্রেইগ আরভিন ৩৯, ইনোসেন্ট কাইয়া ৩৪ ও বেন কারান ৩০ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড, কনোলি, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা। ম্যাচ সেরা হন হেড।

রোববার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুই দল।

সূত্র : বাসস