পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টা করা দুষ্কৃতকারী
পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টা করা দুষ্কৃতকারী। নয়া দিগন্ত
ads

ভোলার তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় পল্লী বিদ্যুতের কর্মী ও স্থানীয়রা ধাওয়া করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার (২৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বিদ্যুতের একজন লাইনম্যান প্রতিদিন ভোরবেলায় পাখিদের খাবার দিতে ওঠেন। আজ রোববার সকালেও তিনি পাখিদের খাবার দিতে ওঠেন। এ সময় একদল দুর্বৃত্ত বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে ঢুকে পেট্রোল দিয়ে সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টা করে। পরে দুর্বৃত্তরা ওই লাইনম্যানের উপস্থিতি টের পেয়ে ওয়াল টপকে বের হয়ে যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে আসেন। পরে তারা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ও তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এ বিষয়ে তজুমদ্দিন পল্লী বিদ্যুতের এজিএম অসীম সরকার বলেন, সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টার বিষয়টি প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলেই এজাহারভুক্ত করা হবে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বনি আমিন বলেন, বিদ্যুতের সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টার বিষয়টি শুনেছি। সরকারি জানমাল হেফাজতের বিষয়টি আমাদের প্রশাসনের দায়িত্ব। প্রত্যেক নৈশপ্রহরীকে রাতের বেলা সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এ সময় দুষ্কৃতকারীদের প্রতিহত করতে উপজেলার সব নাগরিকের সহযোগিতা চান ইউএনও।

গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় আগুন দেয়ার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসাথে উপজেলার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।