
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ হানিফ ফ্লাইওভার উপরে গাড়ির ধাক্কায় মোহাম্মদ রাজিব (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ২টার দিকে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
নিহত মোহাম্মদ রাজিব পেশায় তেল পাম্পের একজন কর্মচারী।
তাকে হাসপাতালে নিয়ে আসা রায়হান জানান, নিহত রাজিব মোটরসাইকেল চালিয়ে সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের উপরে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত রাজিবের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শিকদারবাড়ি এলাকায়। তিনি আফতাব শিকদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









