
মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ মো: রুহুল আমিন (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেয়ারডিল ও ৮৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লাখ ৭৩ হাজার টাকা।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টা ৩৬ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার কাজিপুর মাঠ এলাকায় অভিযান বিজিবি।
আটক রুহুল আমিন উপজেলার কাজিপুর গ্রামের মরহুম কছিম উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিজিবির একটি চৌকস টহল দল রুহুল আমিনকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক করে। তাকে মাদকদ্রব্যসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। সীমান্ত এলাকায় অপরাধ দমন ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









