শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কারকাজের জন্য নতুন নকশা প্রণয়ন
শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কারকাজের জন্য নতুন নকশা প্রণয়ন। নয়া দিগন্ত
ads

দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার পর অবশেষে নতুন করে সাজানো হচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে গ্যালারি, আউটফিল্ডসহ পুরো স্টেডিয়ামের আমূল সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বগুড়া ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে স্টেডিয়ামের বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা যাচাই করে পুনর্নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর একান্ত প্রচেষ্টায় শহীদ চান্দু জেলা স্টেডিয়ামকে আধুনিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করা হয়। ২০০৪ সালে এই স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজন করে প্রশংসিত হয় বিসিবি।

আউটফিল্ড ও উইকেটের মান নিয়ে বিশ্বখ্যাত ক্রিকেটারদের প্রশংসায় অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পায় শহীদ চান্দু স্টেডিয়াম। পরবর্তী সময়ে দ্রুততম সময়ে এখানে ফ্লাডলাইট স্থাপন করা হয়।

২০০৬ সালে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদাও লাভ করে স্টেডিয়ামটি। ওই বছর এখানে পাঁচটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।

কিন্তু ২০০৬ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ এক দিনের আন্তর্জাতিক ম্যাচের পর কার্যত স্টেডিয়ামটি থেকে মুখ ফিরিয়ে নেয় বিসিবি। এরপর দীর্ঘ সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। একপর্যায়ে আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্টেডিয়ামটির স্বীকৃতিও বাতিল হয়ে যায়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেয় বিসিবি। স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের জুলাই মাসে ১৬ সদস্যের সশস্ত্র আনসার বাহিনী সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়। এরপর থেকেই স্টেডিয়ামটির সংস্কারের দাবি আরো জোরালো হয়ে ওঠে।

অবশেষে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানীর উদ্যোগে সংস্কার কার্যক্রমে গতি আসে। সম্প্রতি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সাথে নিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেন আসিফ সিরাজ রব্বানী। এ সময় একদল প্রকৌশলীও তার সাথে ছিলেন।

পরিদর্শনকালে আসিফ সিরাজ রব্বানী জানান, স্টেডিয়ামের আমূল সংস্কারের জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সুপারিশের ভিত্তিতে শিগগিরই সংস্কারকাজ শুরুর প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।

পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও রানা মাসুদ নয়া দিগন্তকে জানান, আইসিসির গাইডলাইন অনুসরণ করে শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় সব ধরনের পরিকল্পনা নেয়া হচ্ছে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা যাচাইয়ের জন্য বিভিন্ন স্থানের নমুনা সংগ্রহ করে বুয়েটে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর অবকাঠামো সংস্কার ও পুনর্নিমাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সহজ হবে।

তিনি আরো জানান, স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা বাড়াতে পশ্চিম পাশের কয়েকটি গ্যালারি দোতলা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্টেডিয়ামসংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক ভেঙে সেখানে একটি প্র্যাকটিস গ্রাউন্ড নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বিসিবির সাথে তাদের ৪৫ দিনের চুক্তি রয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চুক্তির মেয়াদ শেষ হবে। এর মধ্যেই প্রয়োজনীয় সমীক্ষা ও পরিকল্পনার কাজ শেষ করে বিসিবির কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী জানিয়েছেন, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদন পাওয়ার পর সংস্কারকাজের বাজেট তৈরি করা হবে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারের অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে।