
ইসলামিক বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)’ বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংগঠনটির অর্থায়ন পুরোপুরি বন্ধ করা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তিতে প্রবেশাধিকার সীমিত করতে দেশের সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে।
আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানোর কয়েক দিনের মধ্যেই এ নতুন পদক্ষেপ নিলো নয়াদিল্লি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) ৪২ ধারার অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এই আইনের ৭ ও ৮ ধারায় উল্লিখিত বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর আইআরএফকে পুনরায় বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।
নতুন ক্ষমতাবলে ইউএপিএর ৭ ধারা অনুযায়ী, রাজ্য সরকারগুলো লিখিত আদেশের মাধ্যমে আইআরএফের যেকোনো অর্থ, জামানত, ঋণ-সংক্রান্ত লেনদেন এবং অর্থ স্থানান্তর তাৎক্ষণিকভাবে স্থগিত বা বন্ধ করতে পারবে। সরকারের পূর্বানুমতি ছাড়া এসব তহবিল ব্যবহার করা যাবে না। এছাড়া দায়িত্বপ্রাপ্ত গেজেটেড কর্মকর্তারা সংগঠনটির সব আর্থিক নথি ও ব্যাংক লেনদেন তদন্ত করতে পারবেন।
অন্যদিকে, আইনের ৮ ধারা অনুযায়ী, আইআরএফের সাংগঠনিক কার্যক্রমে ব্যবহৃত বাড়ি, ভবন, তাঁবু বা যেকোনো নৌযান চিহ্নিত ও জব্দ করার ক্ষমতা দেয়া হয়েছে প্রশাসনকে। সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেটরা এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করবেন। পাশাপাশি এসব স্থানে সন্দেহভাজন সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করতে পারবেন তারা।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, অন্তত সাব-ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন এসব স্থানে অবস্থানকারী বা প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে তল্লাশি করার ক্ষমতা রাখবেন।
বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের ফলে আইআরএফের আর্থিক লেনদেন ও সম্পত্তি ব্যবহারের ওপর স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ ও নজরদারি আরো কঠোর হবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









