ঘন কুয়াশা, শীত, কুয়াশায় যান চলাচল, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র
ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সংগৃহীত
ads

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো এলাকা। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার এমন চিত্র দেখা গেছে। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। রাতভর বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরায় ভোরে সড়কে চলাচলে দুর্ভোগে পড়ছেন মানুষ ও যানবাহনের চালকেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।

গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এরও আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।