স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নয়া দিগন্ত
ads

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে অটোমেশন ও ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) থেকে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করে।

নতুন এই অটোমেশন ব্যবস্থা চালুর ফলে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এতে টিকিট সংগ্রহ থেকে শুরু করে অন্যান্য সেবা গ্রহণে রোগীদের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ হাসপাতালটিকে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের পথে এক ধাপ এগিয়ে নেবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৯০০ রোগী চিকিৎসা নিতে আসেন। দীর্ঘদিন ধরে চিকিৎসকসহ জনবল সঙ্কটের কারণে সিজারিয়ান অপারেশনসহ গুরুত্বপূর্ণ সেবা বন্ধ ছিল। তাছাড়া হাসপাতালটিতে বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা ছিল না এ নিয়ে জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনের প্রচেষ্টায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। এ ছাড়া ডেঙ্গু ওয়ার্ড চালু এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে নতুন ১০ জন চিকিৎসক পদায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজও চলমান রয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুশফিকুর রহমান রাজীব বলেন, ‘দীর্ঘদিন যাবৎ স্থানীয় সংসদ সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে অটোমেশন ও ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে।’ 

নতুন এই ব্যবস্থা সফলভাবে পরিচালনা ও সেবার মান ধরে রাখতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।