
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) সংযুক্ত করে ওএসডি করা হয়েছে।
ডিসেম্বর মাসে ক্যাম্পাসে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠায় গোপনে তৎপর ছিলেন। বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ রেখে বিএল কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার লক্ষ্যে তারা প্রস্তুত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন— রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: শামীম (পরিচিতি নম্বর ১২৯৮২) ও সহযোগী অধ্যাপক মো: হারুন-অর-রশীদ (পরিচিতি নম্বর ১৬০৩৫)। ড. মো: শামীমের বাড়ি গোপালগঞ্জে। দু’জনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে চাকরি পেয়েছিলেন বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে তাদের পূর্বের কর্মস্থল ‘ওএসডি, মাউশি অধিদফতর, ঢাকা (ইনসিটু: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা)’ উল্লেখ করে পুনরায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, ঢাকায় পদায়নের কথা বলা হয়েছে।
আদেশে দুই শিক্ষককে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









