গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু। প্রতীকী ছবি
ads

নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী (৬৫) ও আফরোজা বেগম (৬৩) নামে ওই দম্পতির মৃত্যু হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে নিজ বাড়িতে আফরোজা বেগমের মৃত্যু হয়। এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ১৫ নভেম্বর উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাত ৯টার দিকে কয়েল ধরানোর জন্য স্ত্রী আফরোজা বেগম রান্নাঘরে যান। এ সময় গ্যাস লাইট জ্বালালে রান্নাঘরে থাকা লিকেস হওয়া এলপিজি সিলিন্ডারে আগুন ধরে যায়। এতে গৃহিণী আফরোজা বেগম অগ্নিদগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে পাশের ঘর থেকে স্বামী সোলায়মান আলী দৌড়ে সেখানে গিয়ে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও অগ্নিদগ্ধ হন।

রাতেই অগ্নিদগ্ধ দম্পতিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৪টায় স্বামী সোলায়মান আলীর মৃত্যু হয়। পরে লাশের সাথে স্ত্রী আফরোজাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ওইদিনই স্বামী সোলায়মান আলীর লাশ দাফন সম্পন্ন করা হয়। এদিকে স্বামীর মৃত্যুর ৩৬ ঘণ্টা পর আজ রোববার ভোর ৫টার দিকে আফরোজা বেগমের মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।