অ্যাডভোকেট, রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু । নয়া দিগন্ত
ads

দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস করছে। বিভিন্ন স্থানে পেট্রল বোমা মারছে।’

রোববার (২২ নভেম্বর) বিকেলে নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কোনোভাবেই এসব নাশকতা ও আগুন সন্ত্রাস চলতে দেয়া হবে না।’

অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রসঙ্গে হুইপ দুলু

সমাবেশে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘পাশের দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস করছে। বিভিন্ন স্থানে পেট্রল বোমা মারছে। থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ মারছে। তাদের এসব আগুন সন্ত্রাস চলতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ আওয়ামীগের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে।’

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ব্যাপারে দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। দেশের মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ কিভাবে দেশের সাধারণ ছাত্র-জনতার উপরে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। শিশু থেকে নারী কাউকে রেহাই দেয়নি। ছাত্রীদের উপরে কিভাবে হামলা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। এসব কথা দেশের মানুষের মনে আছে। বাংলাদেশ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নতুন করে কোন নৈরাজ্য করার চেষ্ঠা করছে দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

পালিয়ে যাওয়া নেতৃত্বের সমালোচনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে দুলু বলেন, ‘ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে বসে থেকে নিজের দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলছে। নেতাকর্মীদের অগ্নি সন্ত্রাসের জন্য উৎসাহিত করে তাদের বিপদে ফেলার পাশাপাশি দেশের সাধারণ মানুষকে হত্যা করতে উৎসাহিত করছে। দেশের সম্পদ পুড়িয়ে দেশকে অকার্যকর প্রমাণ করার বৃথা চেষ্টা করছে। এই দেশে আওয়ামী লীগকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। তাদের সকল অপকর্ম সর্ম্পকে দেশের মানুষ সজাগ রয়েছে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশের বিবরণ

সারা দেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রোববার বিকেলে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আলাইপুরস্থ দলের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি পুরাতন বাস টার্মিনালে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।