জিয়াউল আহসান
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিপক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ফাইল ছবি
ads

শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সব পর্যায় শেষ হয়েছে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, মামলায় জিয়াউল আহসানের পক্ষে-বিপক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী মঙ্গলবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। রোববার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়। পরে আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণের কার্যক্রমও শেষ হয়।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে গত ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতায় শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।