
ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট প্রতিদ্বন্দ্বী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। রোববার দুই পক্ষের বৈঠক হওয়ার কথা। তবে আলোচনায় বসার আগেই লিকুদ বেশ কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক বয়কট বন্ধ করা এবং আরব দলগুলোর সাথে জোটের সম্ভাবনা বাতিল করা।
মিডলইস্ট মনিটর এবং আরব নিউজ রোববার (২২ নভেম্বর) আরো জানায়, ইসরাইলি দৈনিক মারিভের খবর অনুযায়ী, সরকার গঠনের সব সম্ভাব্য পথ খতিয়ে দেখতে লিকুদের আলোচক দলের সাথে বৈঠক করতে চান আইজেনকোট। তার দল ইয়াশার বলেছে, ‘যতটা সম্ভব বিস্তৃত সরকার’ গঠনের প্রচেষ্টার অংশ এটি। এর আগে দুই পক্ষের প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।
ইসরাইল হাইয়োমের খবর অনুযায়ী, লিকুদ চায় ইয়াশার আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা বাদ দিক। পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরাইলের নির্ধারিত নিরাপত্তা এলাকায় সেনা মোতায়েন অব্যাহত রাখা এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেয়ার নিশ্চয়তা চায় দলটি। হামাসের ‘নুখবা’ ইউনিটের সদস্যদের বর্তমান আটক পরিস্থিতি বজায় রাখা এবং বিচার বিভাগ সংস্কার ও গণমাধ্যম আইন নিয়ে নেসেটে একতরফা উদ্যোগ বন্ধের দাবিও রয়েছে। এ ছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও উসকানি বন্ধ, ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভার শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতির বিষয়েও সমঝোতা চায় লিকুদ।
১২০ আসনের নেসেটে আইজেনকোটের পরিবর্তনপন্থী জোটের আসন ৪৮টি। দুই আরব নেতৃত্বাধীন দলের আসন ১৯টি। তারা বাইরে থেকে সমর্থন দিলে সংখ্যালঘু সরকারের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়া সম্ভব। তবে আরব দলগুলোর সাথে সরকার গঠনের বিরোধিতা করছেন জোটের শরিক ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইজেনকোটের নেতৃত্বে ইহুদিবাদী ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি নেতানিয়াহু বা তার জোটের সাথে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
আইজেনকোট এর আগে বলেছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি কাজ করবেন না। তবে সব দলকে নিয়ে বিস্তৃত সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে সংসদে সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব তুলবেন। তার জোটের দলগুলোর মধ্যে কট্টর ধর্মীয় দল ও আরব দলগুলোর সাথে সমঝোতা এবং লিকুদের সাথে জোট গঠন নিয়ে মতভেদ রয়েছে।
গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। ৬৭ জন আইনপ্রণেতা তাকে এবং ৪৬ জন নেতানিয়াহুকে সমর্থন জানান। বাকি সাতজন কাউকেই সমর্থন দেননি। আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে প্রেসিডেন্ট আরো ১৪ দিন সময় বাড়াতে পারেন। তিনি ব্যর্থ হলে নেতানিয়াহুকে আবারো সরকার গঠনের দায়িত্ব দেয়া হতে পারে।
নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বর থেকে ইসরাইলের বিদায়ী কট্টর ডানপন্থী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিচার চলছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









