
ইরানের তেল রফতানি বন্ধ রাখার চেষ্টা করা হলে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবের তেলকূপগুলোতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য সাইয়েদ আলী ইয়াজদিখাহ। তিনি আরো বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে পুরো অঞ্চলে আগুন জ্বলে উঠবে এবং কোনো দেশই স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে পারবে না।
তেহরানের পৌরসভা থেকে প্রকাশিত ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন রোববার (২২ নভেম্বর) এ খবর জানায়। সংবাদমাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইয়াজদিখাহ বলেন, ইরানের ওপর নৌ অবরোধ এভাবে চলতে পারে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলি দুশমনরা মনে করছে, অনির্দিষ্টকাল ধরে ইরানের ওপর এ অবরোধ চালিয়ে যেতে পারবে। কিন্তু দেশের কার্যক্রম পরিচালনার জন্য ইরানের বিকল্প পথ ও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। এই নিষ্ঠুর হিসাব-নিকাশ বন্ধ করতে হবে।
ইসলামি পরামর্শ পরিষদের (পার্লামেন্ট) তেহরান, রে, শেমিরানাত, ইসলামশাহর ও পারদিস আসনের এই প্রতিনিধি বলেন, পার্লামেন্টের অনেক সদস্যই মনে করেন, নৌ অবরোধ ভেঙে দিতে হবে। দুশমনরা অবরোধ ভাঙার উদ্যোগে বাধা দিতে চাইলে আবারো মাঠে তার জবাব দেয়া হবে। এ অবস্থা অনির্দিষ্টকাল চলতে দেয়া যায় না।
ইয়াজদিখাহ বলেন, পারস্য উপসাগর দিয়ে ট্যাংকারের মাধ্যমে ইরানের তেল রফতানির সুযোগ দিতে হবে। তা না হলে এর জবাব দেয়া হবে। তিনি বলেন, ‘হয় আমাদের তেল রফতানি করতে দিতে হবে, নয়তো কাউকেই তেল রফতানি করতে দেয়া হবে না।’
হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন ইয়াজদিখাহ। তিনি জানান, প্রণালীটির ব্যবস্থাপনা ও পুনরায় খুলে দেয়ার বিষয়ে ইরানের অবস্থান এখনো বহাল রয়েছে। প্রণালী খুলে দেয়ার বিষয়টি ইরানের ঘোষিত সাতটি শর্ত মেনে চলার ওপর নির্ভর করবে।
ইসলামি পরামর্শ পরিষদের সাংস্কৃতিক কমিশনের এই সদস্য আরো বলেন, কিছু জাহাজ রাতের বেলায় নৌযান চলাচল শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রেখে গোপনে অন্য দেশে তেল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসব জাহাজ সমুদ্রের মাইনসহ নানা ঝুঁকির মুখে পড়তে পারে। তবু এ ধরনের তেল রপ্তানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









