সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ১০ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা
ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি সংগৃহীত
ads

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন ছাত্রলীগ কর্মীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন সাদিক কায়েমের বাবা আবুল কাশেম।

রোববার (২২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায় কিসলু এসব তথ্য জানান।

ওসি মো: কায় কিসলু জানান, বাড়িতে আগুন দেয়ার ঘটনায় সাদিক কায়েমের বাবা মামলা দায়ের করেছেন। জড়িত সবাই নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। সিসিটিভি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার রুহুল আমিনের ছেলে মো: আলামিন ওরফে মুন্না, একই এলাকার এনামুল হকের ছেলে মো: সাইফ ওরফে পিকু এবং দীঘিনালা উপজেলার মোহাম্মদ ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি, অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এদিকে ঘটনার পরপর সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার আশ্বাস দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা সদরের নয়নপুর এলাকায় চারজন ব্যক্তি বাজারের ব্যাগে কেরোসিন ও পেট্রোল নিয়ে সাদিক কায়েমের বাড়িতে আসে। পরে তারা বাড়ির চারপাশে কেরোসিন ও পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। দুষ্কৃতিকারীরা আগুন দেয়ার দৃশ্যের ভিডিও ধারণ করে বিভিন্ন ফেসবুকে প্রচার করে। 

এজাহারে আরো বলা হয়, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের নির্দেশে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে সাদিক কায়েমের মা-বাবা, বোনসহ পরিবারের সবাইকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।