আগুন
আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। নয়া দিগন্ত
ads

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় হঠাৎ মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় তারা দ্রুত নেমে পড়েন। পরে খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাসটিতে আগুন লাগার কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ এটিকে যান্ত্রিক ত্রুটিজনিত আগুন বলে দাবি করলেও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই ব্যক্তি আগুন দিয়ে দ্রুত নেমে গেছেন বলে চালক তাদের জানিয়েছেন।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে বাসচালকের সাথে কথা হলে তিনি জানান, দু’জন ব্যক্তি যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না।’

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘বাসে মাত্র দু’জন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সাথে সাথে তারা নেমে পড়েন বলে জেনেছি। তবে এটি নাশকতা নয়, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’