সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নয়া দিগন্ত
ads

বাসার গেটে আগুন দেয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল, পরিবার সব ধ্বংস করেছে। এখন এখানে যারা আছে তাদেরও ধ্বংস করা শুরু করেছে।’

তিনি বলেন, ‘আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে, জয় বাংলা বলেই দৌড়। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে।’

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে সিলেট নগরীর প্রাণকেন্দ্র দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ধ্যায় ঢাকা থেকে সিলেট আসেন। এ সময় তার বাসায় গণমাধ্যমকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের কিভাবে ডিল করতে হয় এদেশের মানুষ জানে, সরকারও জানে। সরকার সহনশীলতার চর্চা করে। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই। সরকার কঠোর অবস্থান নেবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী আছে যাদের মাথায়, পেটে ব্যথা হয়। এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।’

হুমায়ুন কবির বলেন, ‘স্পষ্ট অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।’

তিনি বলেন, ‘জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান। তারা নিজেরাই আতঙ্কিত, কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা খাবে।’

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না। প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে আনা হয়।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরো অনেক মামলা আছে অপেক্ষায়। তার জায়গা কোথায়, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের আইনের শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে।  যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদের আমরা অবশ্যই ধরব এবং আইনের আওতায় আনব।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।