
পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেয়া প্রস্তাবে আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সিডিপির প্রস্তাবের পদ্ধতি ও তথ্যগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের প্রস্তাবের বিষয়ে কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
চিঠিতে বিজিএমইএ বলেছে, শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র উঠে আসেনি। একইসাথে পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যৌক্তিক নয়। কারণ, তাদের হিসাবে ঢাকা-আরবান এলাকার কারখানা থেকে দেশের মোট পোশাক রফতানির মাত্র নয় শতাংশ আসে।
গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে তাদের মূল্যায়ন ও প্রস্তাব উপস্থাপন করে সিপিডি। তাদের প্রস্তাবে বলা হয়েছে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের পরামর্শ দেয়া হয়েছে।
চিঠিতে বিজিএমইএ জানিয়েছে, সিপিডি এনকার পদ্ধতিতে খাদ্য ব্যয়ের ০.৮৬৬৭ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় ধরেছে। এর সাথে আলাদা করে আবাসন ব্যয় হিসেবে ১০ হাজার টাকা যোগ করা হয়েছে।
বিজিএমইএ বলছে, খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এর খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসন অন্তর্ভুক্ত। ফলে আলাদা করে যোগ করলে একই ব্যয় দু’বার গণনা হয়। এ বিষয়ে সিপিডির হিসাব-পদ্ধতি স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজিএমইএর দাবি, গত ৩ বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। পাশাপাশি ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।
চিঠিতে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেয়া নয় শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেয়ার বিষয়টিও তুলে ধরেছে সংগঠনটি। বিজিএমইএর মতে, মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা ও সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও বিবেচনায় নেয়া প্রয়োজন। এ অবস্থায় সিপিডির প্রস্তাবের পদ্ধতি ও তথ্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









